ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল (২৩ জুন) দুর্বৃত্তদের একটি চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনায় এক আয়কর আইনজীবী দৃষ্টিশক্তি হারিয়েছেন।
আহত শ্যামল চন্দ্র দাস (৪৫) চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসে যাওয়ার সময় আহত হন। অস্ত্রোপচার করা হলেও তার ডান চোখ বাঁচাতে পারেননি চিকিৎসকরা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহ আলম জানান, ট্রেনে পাথর নিক্ষেপে এক যাত্রী আহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন।
তবে, আজ অবধি ফাঁড়িতে কোন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি, তিনি যোগ করেন।
পরিবারের সদস্যরা জানায়, শ্যামল ২২ জুন ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়ে ট্রেনে করে রাতে বাড়ি ফিরছিলেন। বেলা দেড়টার দিকে ট্রেনটি আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে যাওয়ার সময় বাইরে থেকে দুর্বৃত্তরা ট্রেনে ঢিল ছুঁড়ে বলে অভিযোগ।
একটি পাথরের আঘাতে শ্যামলের ডান চোখে গুরুতর জখম হয়।
তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন।
চিকিৎসকরা গতকাল দীর্ঘ অস্ত্রোপচার করলেও শেষ পর্যন্ত আহত চোখে তার দৃষ্টিশক্তি বাঁচাতে পারেননি।