সীমাবদ্ধ এলাকায় ঘোরাঘুরি ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ছবি তোলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন। আজ (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হেফাজতে নিয়ে একটি পুলিশ ভ্যানে করে ধানমন্ডি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাখাওয়াত ধানমন্ডি ৩২ নম্বরের আশেপাশে ঘেরা এলাকায় প্রবেশ করে পুলিশের কার্যক্রম রেকর্ড করছিলেন।
ওসি বলেন, “নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর তিনি পুলিশ কর্মকর্তাদের ছবি তুলছিলেন। তাকে থামতে বলা হলেও তিনি তা মানেননি। ফলস্বরূপ, তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নিয়ে আসা হয়,” বলেন ওসি।
তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে।